ঊর্ধ্বমুখী আলুর দাম কমাতে আসরে রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে বেড়েছে আলুর দাম। জ্যোতি আলুর বাজার দর ৩০ টাকা প্রতি কেজি। চন্দ্রমুখী আলুর দাম আরও বেড়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় বাজারগুলিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। তা নিয়ে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। এবার আলুর দাম কমানোর জন্য উদ্যোগী হল রাজ্য সরকার।
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, শীঘ্রই আলুর দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে এক্ষেত্রে কতদিন লাগবে তা স্পষ্ট করে কিছু জানাননি তিনি। কৃষি মন্ত্রী আরও জানিয়েছেন,এবার গত দু বছরের তুলনায় সর্বাধিক আলু উৎপাদন হয়েছে। ১৩০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।
পাশাপাশি আবহাওয়ার কারণে উৎপাদনের সময় অনেকটা বেশি লেগেছে বলে দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। অন্যদিকে হিমঘর থেকে আলু ছাড়া হলেই দাম অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলেই মনে করছেন রাজ্যের কৃষি বিপণন দফতরের আধিকারিকরা।

