weather kolkata and reportBreaking News Enviornment Others 

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্যে নয়া প্রকল্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রতি বছরই রাজ্যে আছড়ে পড়ছে নানা ঘূর্ণিঝড়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নাজেহাল রাজ্য। এই নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। সরকারিভাবে জানা গিয়েছে,প্রকৃতিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য রাজ্যে চালু হচ্ছে নয়া প্রকল্প। রাজ্য পরিবেশ দফতর নয়া এই প্রকল্পের নাম দিয়েছে- প্রাকৃতিক দূর্যোগে, প্রকৃতি সহায়ক।

নয়া প্রকল্পের কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তা নিয়ে নবান্নে আলোচনা চলছে বলে জানা যায়। রাজ্যের পরিবেশ মন্ত্রী রত্না দে নাগ এ বিষয়ে জানান, “পরিবেশ দূষণ একটা জটিল সমস্যা। কেউ এর মোকাবিলা করতে পারে না। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বনাঞ্চল, মাটি, জলাভূমি আমাদের রক্ষা করতে হবে।”

রাজ্য সরকার ইতিমধ্যে পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে বলে খবর । এক্ষেত্রে বলা হয়েছে, শহরের অক্সিজেন জোগাতে সাহায্য করে এই জলাভূমি। এই জলাভূমি রক্ষা করতে না পারলে কলকাতা তৎসংলগ্ন জেলায় বিভিন্ন সঙ্কট বাড়বে । নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে প্রাকৃতিক সম্পদের ।

সূত্রের খবর,এই জলাভূমি রক্ষায় ১২০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। এ বিষয়ে পরিবেশ মন্ত্রী আরও বলেছেন, “দূষণ নিয়ন্ত্রণে পূর্ব কলকাতার জলাভূমি কলকাতার ফুসফুস হিসাবে কাজ করে। তাই একে রক্ষা করতেই হবে।”

পাশাপাশি পরিবেশ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার এ প্রসঙ্গে বলেছেন ,”পূর্ব কলকাতা জলাভূমি পরিবেশের সম্পদ। এটাকে আমরা শহরের ফুসফুস ও কিডনি বলতে পারি। এই সম্পদকে আমরা কীভাবে রক্ষা করবো তার ৫ বছরের প্ল্যান তৈরি করেছি। ১২০ কোটি টাকার প্ল্যান।

এ বিষয়ে তিনি আরও বলেন,”এক্ষেত্রে ৫টি বিষয় রয়েছে। কেউ এই জলাভূমিকে আক্রমণ করলে কীভাবে আটকানো সম্ভব। এটা আইনগত দিক। তাছাড়া যাঁরা মৎস্যচাষ বা কৃষি কাজ করছে এই জলাভূমিকে কেন্দ্র করে তাঁদের অর্গানিক সিস্টেমে কী করে কাজ করাতে পারি তা দেখা হবে। রিসার্চ করা হবে। আবার দিঘা ও সুন্দরবনের জন্য কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে। সেই মতোই কাজ হবে।”

Related posts

Leave a Comment