বাংলার ফুটবলে নক্ষত্র পতন-প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার ফুটবলে নক্ষত্র পতন। প্রয়াত হলেন সুরজিৎ সেনগুপ্ত(৭১)। কিংবদন্তি এই প্রাক্তন ফুটবলার সাতের দশকে খিদিরপুর ক্লাবের জার্সি গায়ে কলকাতা ময়দানে পা রেখেছিলেন। এরপর মোহনবাগান ক্লাবে খেলা শুরু করেছিলেন তিনি। ১৯৭৪ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছিলেন। টানা ৫ বছর খেলেছেন। ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লাল-হলুদ শিবিরে।
তাঁর পায়ের জাদুতে মুগ্ধ ছিল বাংলার ফুটবলপ্রেমীরা ৷ ১৯৮০ সালে মহমেডানেও খেলেছেন। এরপর ফের মোহনবাগানে। সন্তোষ ট্রফিতে বাংলাকে কয়েকবার চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ভারতীয় দলের জার্সি গায়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া ক্রীড়া ও সংস্কৃতি মহলে।

