দিল্লিতে ১০০০ বেডের অস্থায়ী কোভিড হাসপাতাল নির্মাণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সবদিক থেকেই ভারত সম্পূর্ণ তৈরি রয়েছে তা সীমান্তই হোক বা হাসপাতাল ৷ চিনের নাম না করেই এমনই কড়া ভাষায় জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ দিল্লিতে একটি অস্থায়ী কোভিড হাসপাতাল পরিদর্শন করতে গিয়েই এমনটাই দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ সেখানেই চিন সীমান্তে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ভারত যে কোনও ক্ষেত্রে লড়াইয়ের জন্য প্রস্তুত, ভারত কখনও প্রস্তুতিতে পিছিয়ে নেই। পূর্ব লাদাখের গালওয়ানে গত ১৫ জুন ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন ৷ এর পর থেকেই সীমান্তে উত্তেজনা প্রবলভাবে বেড়ে যায় ৷ আলোচনার মাধ্যমে দুই দেশ উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও সামরিক দিক দিয়ে সীমান্তে চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে ভারতও। লাদাখ সীমান্তে অতিরিক্ত বাহিনী থেকে শুরু করে সমরাস্ত্র, যুদ্ধবিমান সবই নিয়ে যাওয়া হয়েছে ৷ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে মাত্র ১১ দিনের মধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০০০ বেডের এই অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে ৷ এখানে ২৫০ আইসিইউ বেড রয়েছে ৷ তারই পরিদর্শনে গিয়েছিলেন রাজনাথ সিং ও গৃহমন্ত্রী অমিত শাহ।

