ক্যান্সার আক্রান্ত আদিবাসী যুবকের পাশে লেখক
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ হাবরা ব্লকের বেড়গুম- ২ এলাকার ২৪ বছরের যুবক রাকেশ সর্দার ক্যান্সার আক্রান্ত।হতদরিদ্র আদিবাসী যুবকের বাবা-মা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটান। বাবা ভ্যান চালক। লকডাউনের আগে একটি সরকারী হাসপাতালে চিকিৎসা চলছিল, পরীক্ষায় তাঁর ক্যান্সার ধরা পড়ে।

পরিবর্তিত পরিস্থিতিতে সরকারী হাসপাতালে তাঁর চিকিৎসার সুযোগ থাকে না। অগত্যা একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয় এবং সেখান থেকে দ্রুত অপারেশনের পরামর্শও দেওয়া হয়। আদিবাসী গ্রাজুয়েট এই ছাত্রের অপারেশনের জন্য প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন হয়ে পড়ে।

দরিদ্র আদিবাসী পরিবারের পক্ষে ছেলের অপারেশনের টাকা জোগাড় করা একপ্রকার অসম্ভবই ছিল। আদিবাসী পরিবারের পাশে এসে দাঁড়ান সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই সময় এগিয়ে এসে পরিবারের পাশে দাঁড়ান কলকাতার বিশিষ্ট ব্লগার এবং লেখক অভীক দত্ত। তাঁর বই বিক্রির রয়ালটির একাংশ তুলে দেন বিপন্ন যুবকের জন্য এবং সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদনও করেন।

খুব কম সময়ের মধ্যে কলকাতা বুদ্ধিজীবী মহল ও রাজ্যের সহৃদয় মানুষেরা লেখকের ডাকে সাড়া দিয়ে প্রায় লক্ষাধিক টাকা এই আদিবাসী যুবকের জন্য তুলে দেন। এই সাহায্যে খুশি সরদার পরিবার। আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাকেশের গুরুত্বপূর্ণ অপারেশন হতে চলেছে।

