বিজ্ঞানে বিরল সম্মানের অধিকারি হলেন বাংলার ছেলে সুমন্ত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানবমনের এই গভীর দিকগুলি দীর্ঘদিন ধরে আলো ফেলার জন্য যাঁর পথ-প্রদর্শক গবেষণার খ্যাতি আন্তর্জাতিক স্তরে, সেই বাঙালি স্নায়ুবিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়কে বিরল সম্মান জানাল ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশন। জীববিজ্ঞানে তাঁর আজীবন অবদানের জন্য অ্যাসোসিয়েট সদস্য করা হল বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-এর সিনিয়র প্রফেসর ও সেন্টার ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ারের অধিকর্তা সুমন্ত্রকে, যাঁকে “সোনা” নামেই একডাকে চেনে বিজ্ঞান মহল।
সুমন্ত্রই প্রথম বাঙালি ও ভারতের প্রথম স্নায়ুবিজ্ঞানী, যিনি এই সম্মান পেলেন। বাংলার বিজ্ঞান-মুকুটে এই সম্মান দুর্লভ, কারণ ভারত থেকে এই সম্মান এর আগে পেয়েছেন মাত্র ৪ জন বিজ্ঞানী, যাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন। গত ৫৭ বছরে এমবো-র ১৮০০-র বেশি সদস্যের মধ্যে রয়েছেন ৮৮ জন নোবেলজয়ী বিজ্ঞানী। সুমন্ত্রবাবুকে জিজ্ঞাসা করে জানা যায়, ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশন থেকে এই সম্মান পেয়ে তিনি খুবই খুশি। গত ২২ বছর ধরেই ভারতে বসে বিজ্ঞান নিয়ে উদ্দীপক কাজ করার সৌভাগ্য তাঁর হয়েছে।
গতকাল জার্মানির হাইডেলবার্গে এমবোর এ বছরের নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ১১ জনের অ্যাসোসিয়েট সদস্যদের তালিকায় প্রথমেই রয়েছে সুমন্ত্রের নাম। ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশনের অধিকর্তা মারিয়া লেপ্টিন জানিয়েছেন, নতুন সদস্যদের প্রত্যেকেই ইউরোপ ও সারা বিশ্বে জীববিজ্ঞানের গবেষণার অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁদের আরও আশা আগামী দিনে তাঁরা বিশ্বে জীববিজ্ঞানের গবেষণায় প্রতিভা অন্বেষণ ও নতুন ভাবনা সৃষ্টি ও গবেষণার মান উন্নয়নে সহায়তা করবেন।

