স্বাস্থ্য পরিষেবায় আন্তর্জাতিক স্বীকৃতি বোলপুরের চিকিৎসকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে চলেছে বোলপুরের “এক টাকা”-র ডাক্তারের। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকার জন্য এই কৃতিত্ব পাচ্ছেন তিনি। বোলপুরের বাসিন্দা ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান প্রাপ্তি ঘটছে। সূত্রের আরও খবর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনি এই সংক্রান্ত একটি সার্টিফিকেটও পেয়েছেন, এমনটাই জানা গিয়েছে।
এ বিষয়ে সুশোভনবাবু জানিয়েছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে দু-বার ফোন পেয়েছি। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় সচেতনতা বাড়ানো ও পরিষেবা দেওয়ার ফলে একটি সার্টিফিকেট পাঠিয়েছেন তাঁরা। সেই সার্টিফিকেটটি হাতে পেয়েছি। প্রসঙ্গত, এক টাকার ওই চিকিৎসকের বাড়ি বোলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হরগৌরীতলায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ৫৭ বছর ধরে তিনি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন। “এক টাকার ডাক্তার” হিসেবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি গ্রাম্য এলাকার গরিব মানুষকে তিনি এক টাকা ফি নিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন। জানা যায়, এ বছর তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। করোনা পরিস্থিতির আবহে সেই সম্মান গ্রহণ করতে পারেননি। এবার তাঁর ঝুলিতে সংযুক্ত হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটি সার্টিফিকেটও। ওই চিকিৎসক বিভিন্ন প্রান্তে সংবর্ধনা পেয়েছেন। বোলপুর শহরের নিজের বাড়ির এলাকায় তাঁর একটি মূর্তিও বসেছে বলে জানা গিয়েছে।

