চক্রবেড়িয়ায় এবারের দুর্গাপুজোয় থিম ‘ঐক্যবদ্ধ ভারত’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাটির সঙ্গে স্যানিটাইজার মিশিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে চক্রবেড়িয়ায়। আয়োজক সূত্রের খবর, সংবিধানের মূল প্রস্তাবনাই এবার ভবানীপুর চক্রবেড়িয়া সর্বজনীনের পুজোর থিম হতে চলেছে। আবার বিভিন্ন ধর্মীয় স্থানের মাটিতে তৈরি হবে দুর্গাপুজোর এই প্রতিমা। পাশাপাশি করোনা পরিস্থিতি রুখতে মাটির সঙ্গে মেশানো হবে প্রয়োজনমতো জল ও স্যানিটাইজার। এক্ষেত্রে বলা হয়েছে, মাটিকে স্যানিটাইজ করার পরিকল্পনা মূলত সচেতনতা বৃদ্ধির প্রতীকী উদ্যোগ হিসেবে।
পাশাপাশি দূরত্ববিধি মেনে অঞ্জলি প্রদানের ক্ষেত্রে থাকবে কাঁসার কৃত্রিম হাত। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দির, মসজিদ, গির্জা ও বৌদ্ধমঠের পবিত্র মাটি নিয়ে আসবেন ধর্মাবলম্বীরা। এক্ষেত্রে সর্বধর্ম সমন্বয়ের পাশাপাশি ভিন্ন রাজনৈতিক মতাদর্শকেও একসূত্রে বাঁধতে উদ্যোগী হয়েছেন আয়োজকরা। জানা যায়, দলমত নির্বিশেষে প্রতিমা গড়ার কাজে উপকরণ যোগাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
আয়োজক সূত্রে আরও জানা গিয়েছে, মাটিও আসবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান কার্যালয় থেকে। আবার প্রায় প্রতিটি দলের প্রতিনিধিরা চক্রবেড়িয়ায় এসে প্রতিমা গড়ার কাজে হাত লাগাবেন। এক্ষেত্রে আনা হবে যৌনপল্লীর মাটিও। মাটির মধ্যে স্যানিটাইজার মিশিয়ে তৈরি হবে এই প্রতিমা। চক্রবেড়িয়া সর্বজনীনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আবহে শহরবাসী নেতিবাচক হয়ে পড়েছেন। ইতিবাচক মনোভাব ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ ভারতকে তুলে ধরাই এক্ষেত্রে মূল লক্ষ্য হতে চলেছে।
এ বিষয়ে আয়োজকদের আরও বক্তব্য, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশের যে-কোনও উৎসবে অংশগ্রহণ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এক্ষেত্রে ভিন্ন ধর্ম ও রাজনৈতিক মতাদর্শকে মেলাতে প্রত্যয়ী আয়োজকরা। সব মানুষের মধ্যে মৌলিক অধিকারের বার্তা ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য। করোনা আবহে সংক্রমণ রুখতে পারে একমাত্র মানুষের সচেতনতা। সেই সচেতনতা বৃদ্ধি করাই আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। মাটি ও খড়ের সঙ্গে স্যানিটাইজার যোগ করে নির্মিত হবে দেবী দুর্গার মাতৃমূর্তি।

