ত্রিশ লাখ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বিপুল বোনাস: ঘোষণা মোদী সরকারের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সরকারের বড় উপহার। দুর্গাপুজোর পঞ্চম দিনে সুসংবাদ পেল সরকারি কর্মচারীরা। এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকার বলেছেন, “কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ২০১৯-২০ আর্থিক বছরের জন্য উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল সব কেন্দ্রীয় সংস্থাকে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে।” এতে ৩৭৩৭ কোটি টাকা ব্যয় হবে। ফলে ৩০ লক্ষ নন-গেজেটেড কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
সরকার আশা করে এর ফলে বাজারে চাহিদা বাড়বে। উৎসবের মরসুমে নগদ অর্থের কেনাবেচা আরও বাড়বে একই সাথে, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, পুরো বোনাসের অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে চলে যাবে। সরকার দশমীর আগে প্রতিটি কর্মচারীর অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করবে। সমস্ত সরকারী কর্মচারী কিছু দিন ধরে বোনাসের দাবি করে আসছিল। ক্ষোভের মাত্রা বাড়ার আগেই, মোদী সরকারের এই বড় ঘোষণা। ফলে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড এবং ভারতীয় ডাক বিভাগ সহ বিভিন্ন সরকারী বিভাগ এবং এজেন্সিতে কর্মরত সরকারী কর্মচারীদের উপকার হবে।

