একাকিত্ব মহিলাদের নানা রোগের জন্ম দেয় : সমীক্ষা রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:একাকিত্ব বাড়িয়ে দিতে পারে মহিলাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা। সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। তবে পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টি অন্যরকম হতে পারে।
সমীক্ষায় আরও জানানো হয়েছে,করোনা পরিস্থিতিতে একা থাকার বিষয়টি এক্ষেত্রে আরও সমস্যা বাড়িয়েছে।বর্তমান সময়ে মানুষ সামাজিকভাবে বিচ্ছিন্ন।আবার সংক্রমণের ভয়ে এখনও অনেকেই বাড়ির বাইরে সেভাবে পা রাখছেন না। একা থাকা বা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা ভালো বিষয় নয়। একা থাকলে শরীরে খারাপ প্রভাব পড়বে।ওই সমীক্ষায় বলা হয়েছে,একাকিত্ব মহিলাদের উচ্চ রক্তচাপে ভোগার প্রবণতা বাড়িয়ে দেয়। আবার হাইপারটেনশনের কারণও হতে পারে।
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমীক্ষার মাধ্যমে জানিয়েছেন,অধিকাংশ ক্ষেত্রেই মধ্যবয়স্কা ও প্রবীণ মহিলারা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। সামাজিক কর্মকাণ্ডে সেভাবে যোগদানও করেন না। এই বিচ্ছিন্নতা থেকেই হাইপারটেনশনের জন্ম হয়ে থাকে। যার জেরে হৃদরোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। স্ট্রোকও হতে পারে। জানা গিয়েছে, গবেষকরা ৪০থেকে ৮৫ বছর বয়সীদের মধ্যে প্রায় ২৮,২৩৮ জন মহিলার সোশ্যাল বন্ড নিয়ে দীর্ঘ সমীক্ষা চালানো হয়েছে। এক্ষেত্রে দেখা গিয়েছে, যে সব মহিলারা সিঙ্গল রয়েছেন বা একটু বয়স্ক মূলত তাঁদের ক্ষেত্রে একা থাকার প্রবণতা বেশি থাকে। সামাজিকভাবে মেলা-মেশা করতে দেখা যায় না।তাঁরা পার্টি বা অনুষ্ঠান থেকেও বিরত থাকেন। যার ফলে হাইপারটেনশন বা এই ধরণের রোগে বেশি করে ভুগতে থাকেন। বিধবা বা একা থাকা এবং সিঙ্গল মেয়েদের ক্ষেত্রে শুধু হাইপারটেনশন নয়, সিস্টোলিক ব্লাড প্রেসারের পরিমাণও বেড়ে যায়। বিবাহিত মহিলাদের ব্লাড প্রেসার তুলনামূলকভাবে অনেকটা কম বলেই সমীক্ষকরা দাবি করেছেন।
পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টি আলাদা।সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের সোশ্যাল নেটওয়ার্ক অনেক বেশি। যাঁরা একা থাকতে পছন্দ করেন, তাঁদের ব্লাড প্রেসার কম।এক্ষেত্রে গবেষকরা পরামর্শ দিয়েছেন, নিজেদের শরীর ও স্বাস্থ্য ঠিক রাখার জন্য সামাজিক মেলামেশা করাটা বিশেষ প্রয়োজন। তবে নিয়মিত শরীরচর্চা, যোগ ব্যায়াম, মেডিটেশন, সুষম ডায়েটের কথাও বলেছেন তাঁরা। ।

