Voter Card-2Others 

প্রতিবন্ধী-অশীতিপরদের জন্য দরজায় ভোটকর্মীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়িতে বসেই ভোট প্রতিবন্ধী-অশীতিপরদের। বয়স বা শারীরিক প্রতিবন্ধকতা যাতে সমস্যা না হতে পারে তারই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁরা যাতে ভোট-প্রক্রিয়া থেকে দূরে না থাকেন, তা নিশ্চিত করতে প্রয়াস নিচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার মনোনয়নপত্র জমা পড়ার পর ভোট নিতে আশি বা তার বেশি বয়সের ভোটার ও প্রতিবন্ধী ভোটারদের দরজায় পৌঁছে যাবেন ভোটকর্মীরা।

এক্ষেত্রে জানা গিয়েছে, যে-সব ভোটারের শারীরিক প্রতিবন্ধকতা ৪০ শতাংশের বেশি, শুধু তাঁরাই পাবেন এই সুবিধা। কমিশন সূত্রের খবর, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা কমবেশি সাড়ে ৭ কোটি। কমিশনের হিসেব বা তথ্য অনুযায়ী তাঁদের মধ্যে অশীতিপর ও প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ২ থেকে ৩ শতাংশ। আবার বিধানসভা কেন্দ্র-পিছু এই ধরনের ভোটার রয়েছেন গড়ে ৫-৬ হাজার।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মনোনয়নপত্র পেশের পর তাদের কর্মী-অফিসারেরা দু-দফায় এই দু-ধরনের ভোটারদের বাড়িতে যাবেন। অশীতিপর ও প্রতিবন্ধীরা বুথে গিয়ে না বাড়িতে বসে ভোট দেবেন- প্রাথমিকভাবে তাঁরা সেটা জানতে চাইবেন। পাশাপাশি তাঁদের কাছ থেকে একটি সম্মতিপত্র সংগ্রহ করবেন।

এক্ষেত্রে আরও জানা যায়, প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সংক্রান্ত শংসাপত্রও খতিয়ে দেখা হবে। যাঁরা বাড়িতে বসে ভোট দিতে আগ্রহী হবেন, তাঁদের জন্য আলাদা কাগজের ব্যালট তৈরি করা হবে। সংশ্লিষ্ট এলাকায় ভোটের দিনের ৫ থেকে ৭ দিন আগে সেই ব্যালট নিয়ে আবারও ভোটারদের বাড়ি যাবেন কমিশনের কর্মী-অফিসাররা।

Related posts

Leave a Comment