bimal gurung and campainOthers Politics 

পাহাড়ে নির্বাচনী আবহাওয়া একঝলক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পাহাড়ে প্রার্থী ঘোষণা করে আসরে বিমল গুরুং। নির্বাচনী উত্তেজনা বাড়ছে। একনজর দেখে নেওয়া যাক, পাহাড়ের ছবিটা। বাড়ছে বিজেপি-জিএনএলএফ মতবিরোধ। পৃথকভাবে পাহাড়ের তিন আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা জিএনএলএফের। একুশের এই নির্বাচনে পাহাড়ে ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির,এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাহাড়ের তিনটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। এরপরই বিজেপির সঙ্গ ছাড়ার পথে জোট সঙ্গীরা। বিজেপির সঙ্গে জোট থেকে বেরিয়ে এসেছে সিপিআরএম,এমনটাই খবর। অন্যদিকে পাহাড়ের ৩ আসনেই প্রার্থী ঘোষণা করলেন বিমল গুরুং ৷

উল্লেখ করা যায়,২০১৯সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল সিপিআরএম। একুশে বিজেপি এককভাবে পাহাড়ের তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করার পর ক্ষোভ বেড়েছে পাহাড়ের এই দলের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি জোট ধর্ম পালন করেনি। এই অভিযোগে পাহাড়ের তিন কেন্দ্রেই পৃথকভাবে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিপিআরএম। তিন কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করেছে ওই দল। দার্জিলিং থেকে সুনীল রাই, কার্শিয়াং থেকে অরুণ ঘাতানি ও কালিম্পং থেকে লড়বেন কিশোর প্রধান। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক এই ঘোষণা করেছেন বলে জানা যায়।

বিজেপি-জিএনএলএফ সংঘাতের আবহে পাহাড়ের ৩ আসনে প্রার্থী দিতে পারে জিএনএলএফ-ও৷ বৈঠকে বসছে জিএনএলএফের কেন্দ্রীয় কমিটি। আবার কালিম্পংয়ে ক্ষোভ বেড়েছে বিজেপির অন্দরে। গুরুং শিবির ছেড়ে যোগ দেওয়া শুভ প্রধানকে প্রার্থী করে বিজেপি। তার জেরেই ক্ষোভ আদি বিজেপি নেতাদের ,এমনও খবর। দলীয় কার্যালয়ে বিক্ষোভও হয়েছে। পাহাড়ের তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গুরুংপন্থী মোর্চা। দার্জিলিংয়ে পি টি ওলা, কার্শিয়ংয়ে নরবু লামা ও কালিম্পংয়ে প্রার্থী হয়েছেন রাম ভুজেল।

তিন আসনেই জয়ের বিষয়ে আশাবাদী গুরুং। দার্জিলিংয়ে দলীয় তিন প্রার্থীর নাম ঘোষণার পর বিমল গুরুং মন্তব্য করেন, “মাঠে নেমেছি। ভাল খেলা হবে। আমরা মাঠে নেমে পড়েছি। ব্যবধান বড় কথা নয়, তিন আসনেই জয় নিশ্চিত”। বিজেপি-কে কটাক্ষের সুরে তিনি আরও জানিয়েছেন, “ওরা প্রার্থী খুঁজে না পাওয়ায় সদ্য আমাদের দল থেকে ছেড়ে যাওয়া দু-জনকে প্রার্থী করেছে”। জিএনএলএফ এবং সিপিআরএমের কাছে সমর্থন চাইবেন বলেও জানিয়েছেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনী লড়াইয়ে পাহাড়ের তিন আসনেই বিনয়পন্থী মোর্চাকে সমর্থন জানিয়েছে ১৩টি জনজাতির উন্নয়ন বোর্ড। শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে লেপচা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এল এস থামসাং ঘোষণা করেছেন, বিনয়দের হাত ধরে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। উন্নয়নমূলক কাজও হয়েছে। তাই ওরাই প্রথম পছন্দ। ১৩টি বোর্ডের কর্তা-ব্যক্তিদের এমনই অভিমত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে আরও জানা যায়,পাহাড়ে ১৮টি উন্নয়ন বোর্ড রয়েছে। তার মধ্যে ১৩টি বোর্ডের সমর্থন পেয়েছেন বিনয়-অনীতরা। বিমল গুরুং ও বিনয় তামাং- মোর্চার দুই শিবির আলাদা প্রার্থী দিলেও তৃণমূলকে সমর্থনের কথা প্রকাশ করেছেন বলে খবর ৷

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment