আগামী ভরা কোটাল নিয়ে সতর্ক রাজ্য-প্রশাসন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও বন্যার আশঙ্কায় আগাম সতর্ক রাজ্য সেচ দফতর। দফায় দফায় বৈঠক হয়েছে নবান্নে এমনটাই জানা যায়। সূত্রের খবর,হাওড়া ও হুগলির বিধায়কদের নিয়ে মিটিংও করেছেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র । আগামী ২৬ তারিখের ভরা কোটাল নিয়ে উদ্বিগ্ন রাজ্যপ্রশাসন । অন্যদিকে আরও চিন্তা বাড়িয়েছে ডিভিসি। বিহার-ঝাড়খণ্ড রাজ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে জল ছাড়তে থাকে ডিভিসি ৷ তার জেরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। আবার রাজ্যের প্রতিটি জেলাতেই প্রায় বর্ষাকালীন বৃষ্টি শুরু হয়েছে। এই আবহে প্রস্তুত হচ্ছে রাজ্য সেচ দফতর।
সেচ দফতর সূত্রে জানা যায়, সামগ্রিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। হাওড়া ও হুগলি জেলাতে প্রতি বছরই বন্যার আবহাওয়া তৈরি হয়। জল বাড়ার আশঙ্কায় হাওড়া ও হুগলি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে ফ্লাড শেল্টার ও রেসকিউ সেন্টার প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও খবর। উল্লেখ করা যায়, নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের নেতৃত্বে একটা কমিটিও গড়া হয়েছে এ বিষয়ে।
সূত্রের আরও খবর,আগামী ২৬ জুনের মধ্যেই সুন্দরবন সহ উপকূলীয় এলাকায় বাঁধের কাজ শেষ করতে চাইছে রাজ্য প্রশাসন। দুই ২৪ পরগণা জেলায় নদী বাঁধগুলির অবস্থা বিপর্যস্ত হয়ে যায় “যশ” আছড়ে পড়ার পর । যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে উপকূলবর্তী এলাকায় বাঁধ মেরামতির কাজ। সেচ দফতর সূত্রে জানানো হয়েছে,সুন্দরবন সহ উপকূলীয় এলাকায় রয়েছে প্রায় ১৮০ কিমি নদীবাঁধ। কোটালের আগে তাই চিন্তা বেড়েছে প্রশাসনের। এক্ষেত্রে কোনও ধরণের ফাঁক রাখতে নারাজ সেচ দফতর। প্রায় ১৬৫ কিমি নদীবাঁধ মেরামতের কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত চলছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন তৎপর রয়েছে বলে খবর ।

