ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে রাজপরিবার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ত্রিপুরায় উপজাতি ও আদিবাসী ভোটই লক্ষ্য হতে চলেছে । ত্রিপুরার মহারাজার জন্মদিন পালনে তাই তৎপর সব রাজনৈতিক দল। ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে রাজবাড়ি ও রাজপরিবার । রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ পরিবারকে কাছে টানতেই এই প্রচেষ্টা নেওয়া হচ্ছে । এক্ষেত্রে বর্তমান সময়ে রাজনৈতিক মুখ প্রদ্যোত মাণিক্যকে কাছে টানাই মূল লক্ষ্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১৩ তম জন্মদিন পালনে উদ্যোগ দেখা যাচ্ছে । সব রাজনৈতিক দলই তৎপর এ বিষয়ে।
সূত্রের খবর,ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মন্তব্য করেছেন,আধুনিকতর ত্রিপুরা গড়ার ভাবনায় অনুপ্রাণিত, দূরদৃষ্টিসম্পন্ন এই বিচক্ষণ ব্যক্তিত্ব অল্প সময়ে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরাকে শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে এগিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেছেন,এক মহান প্রাণ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মণ তাঁর অবদানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
পাশাপাশি ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৩ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদনের বিষয়টিও জানিয়েছেন । আবার তাঁর জন্মদিনে সরকারী ছুটি ঘোষণা, সরকারীভাবে জন্মদিন পালনের উদ্যোগ ও মহারাজার নামাঙ্কিত বিমান বন্দরের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর কথাও উল্লেখ করেছেন তিনি।
অন্যদিকে মহারাজার জন্মদিন নিয়ে ট্যুইট করেছে তৃণমূল নেতৃত্বও। মহারাজার দেখানো পথেই আগামী দিনে ত্রিপুরার উন্নয়ন হবে বলে মত প্রকাশ করা হয়েছে। বাম সহ অন্যান্য রাজনৈতিক দলও শ্রদ্ধা নিবেদন করেছে বলে খবর ৷
এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের আরও অভিমত,ত্রিপুরায় মহারাজার জন্মদিন পালন রাজনৈতিক ভাবেও একটা তাৎপর্য রয়েছে। উল্লেখ করা যায়, ত্রিপুরার স্বশাসিত পার্বত্য পরিষদের ভোটে সন্তোষজনক ফলাফল করেছে প্রদ্যোত কিশোর মাণিক্যের তিপ্রামোথা। ত্রিপুরার ৬০টি বিধানসভার ১৬ আসন সরকার গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন ৷

