দিনহাটার উপনির্বাচন ঘিরে জোর টক্কর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:খবরের শিরোনামে এখন দিনহাটার উপনির্বাচন। জোর টক্কর এই উপনির্বাচন ঘিরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,১৫ বছর পর দিনহাটায় আবারও উদয়ন গুহ ও অশোক মণ্ডল মুখোমুখি লড়াইয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তরবঙ্গের দিনহাটা আসনটির দিকে সবার নজর থাকবে। এই ভোট যুদ্ধে জোরদার লড়াই দেখা যাবে। একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে মাত্র ৫৭ ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পরাজিত হয়েছিলেন সামান্য ব্যবধানে। জয়ী হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।
অন্যদিকে উদয়ন গুহ ও অশোক মণ্ডল দল বদল করেছেন। উল্লেখ করা যায়,ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেন উদয়ন। আবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন অশোক মণ্ডল। ২০০৬ সালে বাম জমানার লাল দাপটেও উত্তরবঙ্গের একমাত্র তৃণমূল বিধায়ক হয়েছিলেন অশোকবাবু। সেবার ফরওয়ার্ড ব্লক প্রার্থী উদয়ন গুহকেই পরাস্ত করেন তিনি। ২০১৭সালে অশোকবাবু তৃণমূল ছেড়েছিলেন। এবার উপনির্বাচনে বাম শিবির প্রার্থী করেছেন আব্দুল রউফকে। ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে তিনি টিকিট পেলেন।
জয়ের ব্যাপারে প্রত্যয়ী তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। বাম শিবিরও আত্মবিশ্বাসী। রাজনৈতিক বিশ্লেষকদের আরও বক্তব্য,এই নির্বাচন যেন দুটি পরিবারের মধ্যে অসম লড়াইয়ে সীমাবদ্ধ। পিছনে গেলে দেখা যাবে ১৯৬২ সালের বিধানসভা নির্বাচনে অশোক মণ্ডলের পিতা উমেশচন্দ্র মণ্ডল কংগ্রেস প্রার্থী হয়ে উদয়ন গুহ-র পিতা কমল গুহকে পরাজিত করেছিলেন। এই উপ নির্বাচনে তাঁদের দুই পুত্র সামিল রাজনৈতিক ময়দানে।
উল্লেখ্য,গত বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে জয়ী হন নিশীথ প্রামানিক। এরপর তিনি নিজের সাংসদ পদ বহাল রাখেন। ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হয়েছেন নিশীথবাবু। এই নির্বাচন নিয়ে তাঁর প্রতিক্রিয়া,”দিনহাটার গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবেন”। সর্বশক্তি দিয়ে আসরে নেমেছে তৃণমূলও, উদয়ন গুহকে জেতাতে। বিজেপি তৃণমূলের ভোট যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কমলপুত্র উদয়নও পিতার আদর্শ নিয়ে প্রচারে সামিল। থেমে নেই বিজেপি প্রার্থী অশোক মণ্ডলও। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি। এখন দেখার অপেক্ষা জয়ের হাসি কে হাসছেন। আগামী ৩০ অক্টোবর এই কেন্দ্রের নির্বাচন। ফল ঘোষণা ২ নভেম্বর।

