কুলতলিতে বাঘ আতঙ্ক থেকে স্বস্তি বাসিন্দাদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টানা ৬ দিনের আতঙ্ক কাটল। শেষ পর্যন্ত খাঁচা বন্দি করা সম্ভব হল বাঘটিকে। লোকালয়ে ঢুকে পড়েছিল রয়েল বেঙ্গল টাইগারটি । সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পিয়ালী নদীর তীরবর্তী এলাকায় বাঘের আতঙ্কে ঘুম চলে যায় স্থানীয় বাসিন্দাদের । গরানকাটি, শেখপাড়া সহ কেল্লা এলাকার মানুষেরা একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছিলেন। বাঘের গর্জন,বাঘের পায়ের ছাপ নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি হয় । বাঘ থেকে রক্ষা পেতে কুলতলির শেখপাড়া সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে জঙ্গলের মধ্যে পাহারাও দিয়েছেন ।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাঘটি ক্রমাগত স্থান পরিবর্তন করার জন্যই সমস্যায় পড়তে হয়েছে বনকর্মীদের। মানুষকে সতর্ক করতে কুলতলি থানা ও বনদপ্তরের পক্ষ থেকে লাগাতার মাইক প্রচার করা হয়। জাল দিয়ে এলাকা ঘিরে ফেলা হয় । বন দফতরের উদ্যোগে পাতা হয় জোড়া খাঁচা। যাবতীয় ব্যবস্থা নেওয়া সত্বেও কোনও অবস্থাতেই খাঁচায় প্রবেশ করানো যাচ্ছিল না বাঘটিকে। কুলতলির শেখ পাড়া এলাকায় বন আধিকারিক, ডিএফও সহ কনজারভেটর অব ফরেস্টও ঘাঁটি গেড়ে ছিলেন। বাঘটিকে খাঁচাবন্দি করাই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছিল বনকর্মীদের কাছে। শেষ পর্যন্ত স্বস্তি মিলল ওই অঞ্চলের বাসিন্দাদের। (ছবি:সংগৃহীত)

