উত্তরবঙ্গ শিল্প সামিট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ রওনা হওয়ার পূর্বে আগামী দিনে রাজ্যে শিল্পে বিনিয়োগ আনা অন্যতম লক্ষ্য হতে চলেছে বলে মত প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিলিগুড়িতে উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হবে শিল্পপতি ও বণিকসভাগুলির সামনে,এমনটাই জানিয়েছিলেন তিনি। এরপর মুখ্য সচিবের নেতৃত্বে এই শিল্প সামিট হবে শিলিগুড়িতে,এমনও জানানো হল নবান্ন সূত্রে।
শিল্প বিনিয়োগ ছাড়াও কর্মসংস্থানের অন্যতম মাধ্যম হতে চলেছে উত্তরবঙ্গ,সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সফরকালেই উত্তরবঙ্গ শিল্প সামিট করতে চলেছে রাজ্য সরকার। উল্লেখ্য,আগামী ২০ ও ২১ এপ্রিল কলকাতায় বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনের পূর্বে উত্তরবঙ্গে শিল্পে বিনিয়োগ আনতে প্রত্যয়ী রাজ্য। সব মিলিয়ে এই শিল্প সামিট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই প্রশাসনিক মহলের একাংশের অভিমত। নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে,মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই শিল্প সামিট হতে চলেছে।
কলকাতা থেকে ৮ জন সচিব যাচ্ছেন শিলিগুড়িতে। শিল্পপতি ও বণিকসভাগুলির সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমেও উত্তরবঙ্গের ৮জেলাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার প্রয়াস নেওয়া হবে। এক্ষেত্রে আরও জানা যায়, দার্জিলিং , কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে শিল্প সামিটে।

