নিরাপত্তা বলয়ে চলছে আসানসোল-বালিগঞ্জের উপনির্বাচন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভোটগ্রহণপর্ব শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা বলয় আসানসোল ও বালিগঞ্জের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার ভোট গ্রহণ চলছে। ৫ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে আসানসোলে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে ভোট শুরু হতেই লাইনে ভোটদাতারা।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এবারে বালিগঞ্জ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লক্ষ। এই আসনে মোট ৩০০টি বুথ রয়েছে। কেন্দ্রটিতে ২৩টি স্পর্শকাতর বুথ রয়েছে। প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি বুথে ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে ২ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছিল। পাশাপাশি ২০০ মিটারের বাইরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুই–ই মোতায়েন থাকবে বলে জানানো হয়।
স্থানীয় সূত্রের খবর, বারাবণীতে কয়েকটি বুথে বিজেপি-র এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সামনে এনেছেন অগ্নিমিত্রা পল ৷ আসানসোলের বারাবণীতে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী। হামলা ও তাঁর নিরাপত্তারক্ষীর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ পাল্টা অভিযোগও সামনে এসেছে। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে সকাল সকাল বালিগঞ্জ কেন্দ্রে দেখা পাওয়া গেল তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়কে। বিজেপি প্রার্থী কেয়া ঘোষও তাঁর কেন্দ্রে রয়েছেন।

