goa and kriti azadBreaking News Others Politics 

গোয়ায় কীর্তি আজাদকে সংগঠনের দায়িত্ব তৃণমূলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আলোড়ন শুরু করেও গোয়ায় সাফল্য আসেনি তৃণমূলের। সম্প্রতি ওই রাজ্যে তৃণমূলের রাজ্য সভাপতিও পদত্যাগ করেছেন। এই আবহে গোয়ায় দলের হাল খুব একটা সন্তোষজনক নয়। এবার ওই রাজ্যে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। পরাজয়ের গ্লানি সরিয়ে গোয়ায় দলের রদ-বদল করছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের উপর আস্থা রাখা হয়েছে।

উল্লেখ করা যায়,গোয়া বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল ছেড়েছেন কিরণ কান্দোলকর-সহ একাধিক নেতা। ২০২৪ সালকে সামনে রেখে কীর্তিকেই সংগঠন তৈরির দায়িত্ব দিয়েছে তৃণমূল। বিজেপি থেকে গত বছর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর তৃণমূলে যোগ দেন কীর্তি আজাদ। দলের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানানো হয়, সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

প্রসঙ্গত,ফেব্রুয়ারি মাসে গোয়ার বিধানসভা ভোট হয়। ওই নির্বাচন জিতে ক্ষমতা দখলের দাবি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে । তবে গোয়ায় ১টি আসনও প্রাপ্তি ঘটেনি তৃণমূলের। সব মিলিয়ে ওই রাজ্যে ৬ শতাংশের মতো ভোট পেয়েছে ঘাস ফুল শিবির । রাজনৈতিক বিশ্লেষকদের মত, ভোট ব্যাঙ্ক বজায় রেখে এবার গোয়ার পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চাইছে তৃণমূল শিবির। সেই লক্ষ্য নিয়েই সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে নামছে তৃণমূল। দেশের বৃহত্তর ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিকে গোয়ায় কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের আরও বক্তব্য,গত বছর নভেম্বর মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন কীর্তি আজাদ। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল,”বিভাজনের বিরুদ্ধে লড়াই করব। দেশে এখন মমতার মতোই নেত্রীর প্রয়োজন। তাঁর নেতৃত্বেই মানুষের জন্য কাজ করব।” ওই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয়ও পরেছিলেন কীর্তি আজাদ। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবার গোয়ায় তৃণমূলের পর্যবেক্ষক হলেন।

Related posts

Leave a Comment