সরকারের স্বাস্থ্য সম্বন্ধিত পরিকল্পনা
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের ওষুধের খরচ কমিয়ে আনার পদক্ষেপের কথা উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন, বর্তমানে বাংলায় ১৭০টি “প্রধানমন্ত্রীর ভারতীয় জনৌষধি কেন্দ্র’ চালু রয়েছে। আগামী দিনে ব্লক স্তরে স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা ও জেলা হাসপাতালগুলিকে অন্তর্ভুক্ত করে এই সংখ্যা বাড়ানো হবে। সূত্রের খবর, যে সমস্ত পরিবারে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগের জন্য মাসে প্রায় ২,০০০ টাকার ওষুধ প্রয়োজন হয়, সরকারি নিয়ন্ত্রিত এই সব কেন্দ্রগুলি চালু হলে সেই খরচ মাত্র ২০০ টাকায় নামিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি “অমৃত ফার্মেসি” প্রকল্পের মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ওপর ২৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বিপুল ছাড়ের সুবিধা পাওয়া সম্ভব হবে।
৩০ মে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে মহিলাদের জন্য একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইচ পি ভ্যাক্সিন (HPV) যা জরায়ু ক্যান্সার প্রতিষেধক ব্যবস্থার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিধাননগর মহকুমা হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে মঞ্চ। নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত বিষয় খতিয়ে দেখছেন বিধাননগরের পুলিশ কমিশনার আইপিএস ত্রিপুরারী অথর্ব। উপস্থিত থাকবেন বিধাননগর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ পার্থ প্রতিম গুহ প্রমুখরা।

