মালদ্বীপেই আগস্টে এএফসি কাপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এএফসি কাপ মালদ্বীপে। সূত্রের খবর, মালদ্বীপেই আগস্ট মাসে এএফসি কাপের দক্ষিণাঞ্চল গ্রুপ-‘ডি’-র ম্যাচ খেলবে এটিকে-মোহনবাগান। নতুন ক্রীড়াসূচি ঘোষণা করেছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা। উল্লেখ করা যায়, চলতি বছরের মে মাসে মালদ্বীপে হওয়ার কথা ছিল এএফসি কাপের প্লে-অফ ও ‘ডি’ গ্রুপের সব ম্যাচ। এমনকী মালদ্বীপের ক্লাব ইগলসের বিরুদ্ধে প্লে-অফ খেলার জন্য ওই দেশে অনুশীলনও শুরু করে দিয়েছিল বেঙ্গালুরু এফসি। এ বিষয়ে আরও জানা যায়, কয়েকজন ফুটবলার করোনা-বিধি ভাঙায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। স্থগিত হয়ে যায় সব ম্যাচ।
সূত্রের আরও খবর, এএফসি কাপের নতুন সূচি অনুযায়ী আগামী ১৫ আগস্ট প্লে-অফে সুনীল ছেত্রীরা মুখোমুখি হতে চলেছেন ক্লাব ইগলসের। এটিকে-মোহনবাগানের প্রথম ম্যাচ ১৮ আগস্ট। প্রতিপক্ষ প্লে-অফে জয়ী দল। আবার আগামী ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে ২৪ আগস্ট এটিকে-মোহনবাগান মুখোমুখি হবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। আগামী সপ্তাহ থেকে অনুশীলনে নামতে পারেন এটিকে-মোহনবাগান।

