নিউটাউনে পানীয় জলের টাইম কল লাগানোয় বাধা দেওয়ার অভিযোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের হাতিয়ারা রায়পাড়ায় শিবমন্দিরের জমিতে পানীয় জলের টাইম কল লাগানোয় বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডলের বিরুদ্ধে। শুধু তাই নয়, কাউন্সিলরের বিরুদ্ধে ওই শিব মন্দিরের সম্পত্তি প্রমোটারের হাতে তুলে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাল্টা কাউন্সিলরের দাবি,দেবত্ব সম্পত্তি হলেও ওই মন্দির সংলগ্ন জমি নিয়ে বিবাদ রয়েছে। স্থানীয় একটি ক্লাবের সঙ্গে যুক্ত প্রমোটাররা ওই জমি দখল করে নিতে চাইছে বলে অভিযোগ।
যদিও মন্দিরের সঙ্গে যুক্ত ভক্তদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এলাকায়। সমস্যা মেটাতে টাইম কল লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এবিষয়ে বিধাননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের কাছে এই মর্মে আবেদন জানানো হয়। সেইমতো আজ টাইম কল লাগানোর কাজ চলছিল। অনুমোদন পাওয়া সত্ত্বেও স্থানীয় কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল গায়ের জোরে মন্দিরের জমিতে টাইম কল লাগানোর কাজে বাধা দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

