উত্তরপ্রদেশ বিধানসভার সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ উত্তরপ্রদেশে বিধানসভার সামনে আগুন লাগিয়ে দাউ দাউ করে জ্বলল মা-মেয়ে। এই ঘটনার জেরে সাসপেন্ড ২ পুলিশকর্মী। সূত্রের খবর, প্রতিবেশীদের সঙ্গে ড্রেন নিয়ে তাঁদের গত কয়েক মাস ধরে অশান্তি চলছিল। বাড়িতে কোনও পুরুষ সদস্য না থাকায় প্রতিদিন প্রতিবেশীরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছিল বলে অভিযাগ। গত ৯ মে থেকে এই সমস্যা চলছে তাঁদের সঙ্গে।পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তাঁরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে লখনউতে। আরও খবর, উত্তরপ্রদেশ বিধানসভার সামনের রাস্তায়, যোগী আদিত্যনাথের অফিসের সামনে দুই মহিলা আচমকাই জার থেকে কেরোসিন ঢেলে নেন নিজেদের গায়ে। এরপর দেশলাই কাঠি জ্বেলে আগুন ধরিয়ে নেন। ঘটনার পর দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁরা অমেঠি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মায়ের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে মেয়েরও ডান হাতের অংশ পুড়ে গিয়েছে। তবে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা যায়। দু’জনকে হাসপাতালে ভর্তি করার পর কোভিড টেস্টও করানো হয়। আবার এই ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে। এই ঘটনার পর অমেঠির পুলিশ সুপার খ্যাতি গর্গ জানিয়েছেন, স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও এক পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

