PanOthers World 

ভিন রাজ্যে ফের ট্রেনে পান পরিবহণ শুরু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার পান ব্যবসায়ীদের জন্য সু-খবর। করোনাজনিত পরিস্থিতিতে দীর্ঘকাল বন্ধ ছিল
ট্রেনে পান পরিবহণ। আবারও এক্সপ্রেস ও মেইল ট্রেনে ভিন রাজ্যে পান পরিবহণ শুরু হয়েছে। উল্লেখ করা যায়, মুম্বাইগামী কুরলা এক্সপ্রেস-সহ বিভিন্ন এক্সপ্রেস ও মেল ট্রেনে ভিন রাজ্যে পান রফতানি করে থাকেন পূর্ব মেদিনীপুর জেলার পান ব্যবসায়ীরা।

অতিমারির জেরে দীর্ঘ সময় এক্সপ্রেস ও মেল ট্রেনে পান-সহ নানা কৃষিজাত পণ্য পরিবহণ বন্ধ রাখা হয়। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে পান রফতানির ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয় পূর্ব মেদিনীপুর জেলার পান ব্যবসায়ী ও চাষীদের। ট্রেনে করে পান পরিবহণ বন্ধ থাকার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় পান ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অর্থকরী ফসল হল পান। এই জেলার ২৫ টি ব্লকের মধ্যে পাঁশকুড়া ও কোলাঘাট বাদে ২৩ টি ব্লকের প্রায় ৬২৫১ হেক্টর জমিতে পান চাষ হয়ে থাকে। বহু মানুষের জীবন-জীবিকা এই পান চাষের ওপর নির্ভরশীল। এই জেলার মেচেদা রেলস্টেশন থেকে বেশ কিছু এক্সপ্রেস ও মেল ট্রেনে পান ভিন রাজ্যে পাড়ি দেয়। ফের এই পরিবহণ শুরু হওয়ায় খুশি পান ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রের আরও খবর, মুম্বইগামী কুরলা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে পান মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ওড়িশা, আসাম, বিহার ও ঝাড়খন্ড সহ বেশ কিছু রাজ্যে পাঠানো শুরু হওয়াতে পূর্ব মেদিনীপুর জেলার পান ব্যবসায়ী ও চাষিরা সন্তোষপ্রকাশ করেছেন।

Related posts

Leave a Comment