বায়ো গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দূষণ কমাতে এবার “গোবর-ধন” প্রকল্পে নজর কেন্দ্রীয় সরকারের। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে বায়ো গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ শুরু হয়েছে। সূত্রের খবর, মডেল “গোবর-ধন” প্রকল্পগুলিকে আর্থিক সহযোগিতা করা হবে। এই ইস্যুতে নির্দেশ পাঠানো হচ্ছে দেশের সবকটি গ্রাম পঞ্চায়েতগুলিকে। জলশক্তি মন্ত্রক সূত্রের খবর, প্রতি ব্লকে প্রায় ১০টি করে মডেল “গোবর-ধন” প্রকল্প তৈরি করতে হবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রকল্পের বাস্তবায়নের জন্য যাতে অর্গানিক ওয়েস্টের জোগান না কমে, সেজন্য গোশালার কাছাকাছি এই কমিউনিটি প্রকল্প গড়ে তোলা হবে। আবার বাড়িতে বাড়িতেও এই প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।
জানা যায়, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। “গোবর-ধন” প্রকল্প নিয়ে প্রচারে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে জলশক্তি মন্ত্রক। কেন্দ্রীয় নির্দেশিকায় আরও জানানো হয়েছে, গ্রামের প্রতিটি বাড়িতে “গোবর-ধন” প্রকল্পের অধীনে একটি করে বায়ো গ্যাস প্ল্যান্ট তৈরি করা যায় কি না, তা প্রাথমিকভাবে খতিয়ে দেখবে গ্রাম পঞ্চায়েতগুলি। এরপর সেই রিপোর্ট পৌঁছে যাবে জেলা প্রশাসনের কাছে। এক্ষেত্রে যেসব বাড়িগুলিতে ৫টির বেশি গোরু বা গবাদি পশু রয়েছে, বায়ো গ্যাস প্ল্যান্ট তৈরির জন্য সেই সব বাড়িগুলিকেই চিহ্নিত করার কথা জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি প্রতিটি জেলায় প্রায় ১টি করে মডেল প্রজেক্ট তৈরি করতেও বলা হয়েছে।

