সংক্রমণ রুখতে শহরের বেশ কিছু বাজার বন্ধের সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সংক্রমণ রুখতে ৪ দিন বন্ধ থাকবে শহরের ব্যস্ততম বাজারগুলি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের বেশ কিছু প্রধান বাজার বন্ধ রাখা হবে এই দিনগুলিতে। সূত্রের খবর,শহরে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গোষ্ঠী সংক্রমণের চেন ভাঙতে এবার কলকাতার বেশ কিছু বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন।
এসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে,নিত্য ও অপরিহার্য দ্রব্যের বাজারগুলি খোলা থাকলেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ রাখা হবে চাঁদনী চক, প্রিন্সেপ স্ট্রিট, এজরা স্ট্রিট, ম্যাংগো লেন ও ক্যানিং স্ট্রিট ছাড়াও বেশ কিছু এই ধরণের বাজার। পোস্তা বাজার ও অন্যান্য কিছু বাজার খাদ্য দ্রব্য ও অন্যান্য অপরিহার্য সামগ্রীর ক্ষেত্রে কার্যকরী থাকবে।
কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সকল ব্যবসায়ী সদস্যদের কাছে আমাদের আবেদন তাঁরা যেন আগামী৪ দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাঁদের দোকান পাট বন্ধ রাখেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গোষ্ঠী সংক্রমণ ভাঙাটা খুবই জরুরি। সেই বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্যবসায়ী সংগঠন।
উল্লেখ করা যায়, গত সপ্তাহে করোনাজনিত আবহের জেরে উত্তর ২৪ পরগনার বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর বাজার ও দোকান খোলা রাখা যাবে না বলে মাইকে করে প্রচার শুরু করে কর্তৃপক্ষ। এবার সেই পথে হাঁটার সিদ্ধান্ত গ্রহণ করছে শহরের ব্যস্ততম বাজারগুলিও।

