কলেজ স্ট্রিট বইপাড়া-সহ তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সামান্য ছাড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহ মোকাবিলায় রয়েছে বিধি-নিষেধ। তবে কয়েকটি ক্ষেত্রে শিথিল করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বই কারবারি ও খুচরো বিক্রেতাদের বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে। উল্লেখ করা যায়, সোনার দোকান ও শাড়ি বিপণিগুলিকে দুপুরে ৩টি ঘন্টা ব্যবসার অনুমতি দেওয়া হয়েছিল। এবার কলেজ স্ট্রিটের বইপাড়াও দুপুরে খোলা থাকবে।
আবার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী অফিস যেতে পারবেন বলেও অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে বিধি-নিষেধ জারি থাকবে। নির্মাণ শিল্পের শ্রমিকদের ক্ষেত্রে টিকা দিয়ে ও করোনা সুরক্ষা মেনে থাকার ব্যবস্থা করে কাজ চালু রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আরও জানা গিয়েছে, শীঘ্রই রাজ্য ও জেলাস্তরের বণিকসভাগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

