ভারত -পাক সীমান্তে সুড়ঙ্গ ঘিরে জল্পনা, পরে তল্লাশি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্ডার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে চলে আসা যাবে যখন তখন। টের পাবে না বিএসএফ। সম্প্রতি এমনই সুড়ঙ্গের সন্ধান পেল বর্ডার সিকিউরিটি ফোর্স। সেনা সূত্রে খবর, জম্মুর সাম্বাতে ভারত -পাকিস্তান বর্ডারে এমন একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। এর প্রেক্ষিতে গোটা এলাকায় অনুপ্রবেশের জন্য আর কী কী পথ রয়েছে তা খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে বিএসএফ।
সেনা সূত্রে আরও খবর, জম্মুর সাম্বা অঞ্চলে বিএসএফ-এর টহলদারি চলাকালীন ভারতের দিকে ৫০ মিটার এগিয়ে আসা এই সুড়ঙ্গটি নজরে আসে বর্ডার সিকিউরিটি ফোর্সের। এরপর ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা বাহিনীকে কাঁটাতারের ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। এরপর বিএসএফ ওই সুড়ঙ্গ পরিদর্শন করে এবং সেখান থেকে পাকিস্তানের ছাপ দেওয়া ৮টি বালির বস্তা উদ্ধার করেছে।
সূত্রের খবর, তাতে বড়বড় হরফে করাচি, পাকিস্তান লেখা ছিল। জানা গিয়েছে, সুড়ঙ্গটি অন্তত ২৫ ফুট গভীর। এরপর বিএসএফ ও আইবি-এর যৌথ বাহিনী গোটা এলাকা পরিদর্শন করে। তদন্তকারীরা অনুমান করছেন, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও নেশার দ্রব্যের চোরাচালান-সহ বিভিন্ন কারণেই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। পাশাপাশি বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, সুড়ঙ্গটির অনুপ্রবেশের মুখ পাক সীমান্ত থেকে কেবলমাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত।

