৭০৫ কোটি নয়ছয়ে প্রতারণার মামলা দায়ের সিবিআইয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ৭০৫ কোটি টাকা দুর্নীতিতে মুম্বই ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল বিমানবন্দর কর্তা ও রেড্ডি গ্রুপের বিরুদ্ধে মামলায় সিবিআই। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, জনগণের টাকা নয়ছয় করা হয়েছে এই প্রকল্পে। মুম্বই বিমানবন্দর নির্মাণে বড় দুর্নীতির অভিযোগে জিভিকে গ্রুপের চেয়ারম্যান ভেঙ্কটকৃষ্ণ রেড্ডি গুণপতি ও তাঁর ছেলে তথা মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ভি রেড্ডির বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। উল্লেখ্য, ২০০৬ সালে শুরু হয় মুম্বই বিমানবন্দরের ভোলবদলের কাজ। আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণের কাজে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যৌথভাবে কাজের বরাত পায় জিভিকে গ্রুপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ৫০.৫ শতাংশ অংশীদারি ছিল জিভিকে গ্রুপের। সিবিআই-এর দাবি, স্বজন পোষণ করা হয়েছে এখানে। এর আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্যেই মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের কর আদায়ের পরিমান ভীষণভাবে কমেছে। সিবিআইয়ের অভিযোগের আঙুল আরও ৯টি সংস্থার বিরুদ্ধেও, যাদের সঙ্গে বিভিন্ন কাজে চুক্তিবদ্ধ ছিল রেড্ডিগ্রুপ। সিবিআই সূত্রে বলা হয়েছে, এক্ষেত্রেও মূল উদ্দেশ্য ছিল অন্তত আরও ৩১০ কোটি টাকার ঘাপলা করা। সিবিআই-এর তরফে এদিন এই মোট ৯টি সংস্থার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তালিকায় রয়েছে একাধিক সরকারি অফিসারের নামও।

