প্রয়াত মিখাইল গর্বাচেভ : পুতিনের শোক প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ (৯১)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমের দেশগুলির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের চলতে থাকা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটাতে প্রয়াস নিয়েছিলেন তিনি ৷ মস্কোর একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
উল্লেখ করা যায়,১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন তিনি ৷ ওই সময় যুদ্ধ অবসানের দায়িত্ব গ্রহণ করেছিলেন গর্বাচেভ ৷ পাশাপাশি দুই জার্মানিকে মিলিয়ে দেওয়ার ভার নিয়েছিলেন তিনি। তবে অবিভক্ত সোভিয়েত ইউনিয়নকে ধরে রাখতে সক্ষম হননি ৷ সোভিয়েত প্রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী শক্তিগুলির সঙ্গে অস্ত্র নিরস্ত্রকরণ চুক্তি সই করেছিলেন গর্বাচেভ ৷ যার সুফল হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় চার দশক ধরে চলা ঠান্ডা যুদ্ধের অবসান হয়। (ছবি: সংগৃহীত)

