বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি। আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ থেকেই রাজ্যের উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । অন্যদিকে ২৩ জুলাইয়ের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবার আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।

