দক্ষিণ মেরুতে ভাঙল বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ মেরুতে ভেঙেছে হিমশৈল। সূত্রের খবর, দক্ষিণ মেরুর উপকূল থেকে একটি বিশালাকার হিমশৈল ভেঙে গিয়েছে বলে পর্যবেক্ষকেরা দাবি করেছেন। এক্ষেত্রে তাঁদের আরও বক্তব্য, বিমান ও উপগ্রহ থেকে তোলা ছবি অনুযায়ী দেখা গিয়েছে, এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল।
সূত্রের আরও খবর, দক্ষিণ মেরুর পশ্চিম দিকে রণ-তুষারন্তর থেকে ভেঙে আসা এই হিমশৈলটি বর্তমানে ওয়েডেল সাগরে ভাসছে। সেটি লম্বায় ১৭০ কিলোমিটার ও চওড়ায় ২৫ কিলোমিটার হবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, এটি আয়তনে নিউইয়র্কের লং আইল্যান্ডের চেয়ে বড়। এ বিষয়ে গবেষক ও পর্যবেক্ষকরা বলছেন, উষ্ণায়নের ফলে দক্ষিণ মেরুর বরফ গলছে। ফলে পিছিয়ে যাচ্ছে হিমবাহ। তুষারন্তর থেকে ভেঙে সাগরে ভেসে বেড়াচ্ছে এমন হিমশৈল।

