Kitchen scienceHealth Lifestyle Others 

রান্নাঘরে ইউমিনিটি বাড়ানোর তৎপরতায় বিজ্ঞান মঞ্চ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রান্নাঘরেই রয়েছে বিভিন্ন রোগের উপসর্গ রোধের নানা উপকরণ। বাঙালির রোজকার মেনু থেকে বাদ যাওয়া নানা পদে রয়েছে ইমিউনিটি বাড়ানোর ক্ষমতা। সেইসব হারানো পদের সন্ধান দিতে রান্নাঘরের অন্দরে এবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।সূত্রের খবর, করোনা রুখতে বিজ্ঞান মঞ্চের ১৫ জন কর্মী কলকাতা সহ রাজ্যের ৩০ টি বিভিন্ন প্রান্তে মহিলাদের এই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। রান্নাঘরে কি ধরণের স্বাস্থ্যকর পদক্ষেপ নিলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, তা জানানো হয়েছে মহিলাদের।

এন্টালিতে বিজ্ঞান মঞ্চের সদর কার্যালয়ে এ ব্যাপারে ‘রান্না ঘরে বিজ্ঞান’ নাম দিয়ে একটি কর্মশালার আয়োজনও করা হয়। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এক সমীক্ষায় জানা যায়, ৮৫ শতাংশ মহিলা তরিতরকারি কাটার ছুরি, বটি ভালো করে পরিষ্কার করে নেন না। এক্ষেত্রে ওই মহিলাদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে। আরও জানানো হয়েছে, চড়া আঁচে কখনও রান্না নয়, এক্ষেত্রে পাত্র দিয়ে ভালো করে ঢেকে কম আঁচে রান্না করতে হবে। আবার সব্জি কাটতে হবে ছোট ছোট করে। এই নিয়ম মানা হলে শরীরের ইমিউনিটি বাড়বে বলে তাঁদের মত।

কলকাতা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের ১৫ জন কর্মীকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাড়ির মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ প্রাপ্ত ওই সব কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঙালিরা দুধ-মুড়ি, দই, চিরে, জব বা ছোলার ছাতুর কথা ভুলে গিয়েছেন। এক্ষেত্রে তাঁদের আরও বক্তব্য, দুধ-মুড়ির সঙ্গে একটি কলা মিশিয়ে খাওয়া হলে শরীরে প্রোটিনের চাহিদা মিটে যায়। আবার কাবুলি ছোলা তরকারির মধ্যে দিয়ে খেলে খাবারের পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। সাধারণ মানুষ ইমিউনিটি ঠিক রাখতে ওষুধের দোকানে যাচ্ছেন। তার কোনও প্রয়োজন নেই। সঠিক ভাবে রান্নার পদ্ধতি অনুসরণ করলে ঘরে বসেই পাওয়া যাবে পর্যাপ্ত ইমিউনিটি।

Related posts

Leave a Comment