৭ বছর পর টেস্ট ম্যাচ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৭ বছর পর টেস্ট খেলবেন মিতালিরা। বিশেষ দিনেই ঘোষণা করেছে বিসিসিআই। ভারতের মহিলা ক্রিকেট দল ঘরের মাঠে মাইসুরুতে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৪ সালে মাঠে নেমেছিলেন ৷ চলতি বছরের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া ৷ আন্তর্জাতিক নারী দিবসে ট্যুইট করে এই ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷
উল্লেখ করা যায়,৭ বছর আগে মাইসুরুতে মিতালির নেতৃত্বে ভারত ইংনিংস ও ৩২ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল ৷ ১৯৭৬ সালে ভারতের মেয়েরা প্রথম টেস্ট ক্রিকেটের স্বাদ পায় ৷ বেঙ্গালুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা হয়েছিল৷ ছয় ম্যাচের টেস্ট সিরিজের ফল ছিল ১-১ হয় ৷ এ পর্যন্ত ভারত ৩৭টি টেস্ট খেলেছে৷ মিতালি খেলেছেন ১০টি ম্যাচ ৷ ৬৬৩ রান রয়েছে তাঁর ঝুলিতে ৷ ১টি শতরান ও ৪টি অর্ধ-শতরান করেন মিতালি ৷
এই মুহূর্তে ভারত লখনউতে ৫ ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ ৷ ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথম ওয়ান-ডে ম্যাচে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ফলাফলে এগিয়ে গিয়েছে ৷ দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে ভারত।

