কালীঘাট মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গর্ভগৃহে প্রবেশ নিষেধ দর্শনার্থীদের। সূত্রের খবর, শারদোৎসবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। কালী টেম্পল কমিটি সূত্রে সে খবর জানা যায়। এক্ষেত্রে জানা গিয়েছে, আলিপুরের জেলা বিচারকের সম্মতি না পাওয়ায় সেই প্রস্তাব থেকে সরে এসেছে কমিটি। এবার দুর্গাপুজোয় কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। কালী টেম্পল কমিটি সূত্রে আরও জানা যায়, দূরত্ব-বিধি বজায় রেখে নির্দিষ্ট সময়সূচি মেনে মন্দিরে প্রবেশ করে বারান্দা থেকে প্রতিমা দর্শন করা যাবে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, দুর্গাপুজোয় যাতে মণ্ডপে দর্শকরা প্রবেশ করতে না পারেন, তা নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মন্দিরের ক্ষেত্রেও জেলা বিচারকের সম্মতি না মেলায় গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে।

