কলকাতা পুরভোটের ফলাফল বিশ্লেষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতার পুরভোটে সেই তৃণমূলে আস্থা। কার্যত সবুজ ঝড়। ১৩৪টি ওয়ার্ডে জয়ী শাসক দল। আসন সংখ্যার নিরিখে বিজেপি দ্বিতীয় স্থানে। নির্দলও ৩টি আসন পেয়েছে। তবে ফলাফল বের হওয়ার পর শাসক দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে নির্দল প্রার্থীরা।
বিরোধী বৃত্তে ফিরছে বামেরা। দুশ্চিন্তা বাড়ছে বিজেপির। ক্ষয়িষ্ণু হচ্ছে কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের এমনই বিশ্লেষণ। কলকাতা পুরসভার ফল প্রকাশের পর এমনই ছবি সামনে এল। ১৪৪ ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভার ম্যাজিক ফিগার ৭৩। ফল বেরনোর পর যে ছবি স্পষ্ট হয়েছে তা একনজর।
৬০-এর বেশি আসনে দ্বিতীয় স্থানে বাম। এই নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট প্রায় ১২শতাংশের কাছাকাছি। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা। বামেদের হয়ে ১০৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন নন্দিতা রায়। ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই-এর হয়ে জয়ী হলেন মধুছন্দা দেব। কংগ্রেসের হয়ে ফের জয়ী হলেন ৪৫ নম্বর ওয়ার্ডের সন্তোষ পাঠক। ১৩৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের হয়ে জয়ী হলেন ওয়াসিম আনসারি।
রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী জানা যায়,প্রায় ৫০ আসনে দ্বিতীয় স্থানে বিজেপি। ২২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হয়ে দীর্ঘদিন জয়ের ধারা অব্যাহত রেখে আবারও বিজয়ী হলেন মীনাদেবী পুরোহিত। বিজেপির হয়ে জয়ের হ্যাটট্রিক করলেন বিজয় ওঝা। পুরসভার ৫০ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবার বিজেপি প্রার্থী হয়ে জয়ী হলেন প্রদীপ ঘোষের পুত্র সজল ঘোষ।
কলকাতা পুরসভার পুরো ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গিয়েছে,এই নির্বাচনে ৩ জন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন পূর্বাশা নস্কর। এছাড়া আয়েশা কানিজ ৪৩ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন। নির্দল প্রার্থীরা দ্বিতীয় স্থান পেয়েছেন ৫ টি ওয়ার্ডে।

