দিওয়ালিতে স্থানীয় পণ্য কেনার উপর আবেদন প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বারাণসীর নির্বাচনী এলাকার জন্য ৬১৪ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এই দিনে প্রধানমন্ত্রীর ভাষণের সিংহভাগ তাঁর সরকারের বিভিন্ন প্রকল্পেরই উল্লেখ ছিল। কেন্দ্রীয় সরকার দেশে তৈরি পণ্য কিনতে ‘ভোকাল ফর লোকাল’ স্লোগান নিয়ে এসেছে। দীপাবলিতে স্থানীয় উদ্যোক্তাদের কথা মাথায় রেখে তাঁদের পণ্য কেনার উপর জোর দেওয়ার কথা বলা হয়।
এদিন তিনি দিওয়ালিতে ক্রেতাদের স্থানীয় উৎপাদকদের তৈরি পণ্য কিনতে অনুরোধ করেন। তাঁর কথায়, ‘দিওয়ালিতে স্থানীয় পণ্য কেনা অর্থনীতিকে লাভবান করবে। এটি কেবল স্থানীয় উৎপাদকদেরই উপকার করবে তা নয়, দেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে। তিনি আরও যোগ করেন যে, ‘ভোকাল ফর লোকাল’ কেবল প্রদীপ কিনেই সফল হবে না, দিওয়ালির জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম স্থানীয় নির্মাতাদের কাছ থেকে কিনতে হবে। তবেই স্থানীয়দের প্রচেষ্টা সফল হবে। এদিকে, অযোধ্যাও দীপাবলির প্রস্তুতি নিচ্ছে । সেখানে সাড়ে পাঁচ লাখ প্রদীপ তৈরি রয়েছে। রাম মন্দিরের ভুমিপুজনের পরে অযোধ্যাতে প্রথম দিওয়ালি উৎসব পালিত হবে। এই উৎসবটি করোনার বিধি অনুসারে উদযাপিত হবে। এবারের উৎসবটিতে ‘মিশন শক্তি’ প্রোগ্রাম তুলে ধরা হবে।

