দুয়ারে মহালয়া : দেবীর আগমনের বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ মায়ের আগমনের বার্তা। আগত মহালয়ার পুণ্যলগ্ন। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়া। আকাশে নীল-সাদা মেঘের উঁকি। কাশফুল ফুটেছে সুদূর বনে। শিউলি ঝরে পড়েছে উঠানে। একটা সময় ভোরের আলো ফোটার আগে রেডিওতে শোনা যেত মহালয়ার সুর।টেলিভিশনে কান পাতলে মহালয়ার ছবি সহ সুরের মূর্ছনা শোনা যেত। দেবী দুর্গার আগমনের বার্তা থেকে ঢাকের শব্দ ও শঙ্খ ধ্বনিতে পুজোর আমেজ লেগে যেত ৷ সেই পুজোর রেশ বাংলা ও বাঙালির মনকে ছুঁয়ে যেত। বাংলার সীমা ছাড়িয়ে বিশ্বের অনেক দেশে আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর চল বেড়েছে।
যুগের পরিবর্তন এল। প্রাচীন ভাবনার অনেকটাই বদল এসেছে। অনেক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে এখনও রেডিওতে মহালয়ার সুর ভেসে আসে। মহালয়ার জন্য রেডিও দোকানে ভিড়ও চোখে পড়ে। এলাকার রেডিও সারাইয়ের দোকানে একপলক তাকালেই বোঝা যায় । আজকের দিনে মানুষ আধুনিক যুগে পা রেখেছে। মোবাইল আর ইন্টারনেটের যুগে রেডিও এবং টেলিভিশনের কদর কমেছে। তবে দুর্গোৎসবে বছরের কয়েকটি দিনে আপামর বাঙালির কাছে অন্য মাত্রা বয়ে আনে। দুয়ারে আসছে মহালয়া। তারপরই দেবীর আগমন ঘটবে।

