কটাক্ষের জবাব ও নন্দীগ্রামকে সাজানোর আশ্বাস মমতার
আমার অনলাইন নিউজ ডেস্ক: “ভবানীপুরকে সাজিয়েই নন্দীগ্রামে এসেছেন”, বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সভায় তৃণমূল নেত্রী শুভেন্দু ও শিশির অধিকারীর বিরুদ্ধে সরব হলেন। ভবানীপুরে হার নিশ্চিত জেনেই তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন ,এমনই অভিযোগ সামনে এসেছে। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই কটাক্ষ শুরু করেছে বিজেপি সহ বিরোধীপক্ষ ৷ এরপর নন্দীগ্রামের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন , ভবানীপুরে যথেষ্ট উন্নয়ন করেই তিনি নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন ৷ ভবানীপুরের মতো নন্দীগ্রামকেও তিনি সাজিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন মমতা ৷
তৃণমূল নেত্রীর মন্তব্য, “বলছে কাউকে হারানোর জন্য নাকি আমি নন্দীগ্রামে এসেছি ৷ আমার বয়ে গিয়েছে ৷ আমি পশ্চিমবঙ্গের মুখ্যন্ত্রী৷ যে কোনও কেন্দ্র থেকে আমি দাঁড়াতে পারি ৷ ভবানীপুর আমার প্রিয় কেন্দ্র ৷ তাহলে কেন এসেছি নন্দীগ্রামে? কারণ নন্দীগ্রামের মানুষ আমাকে সেদিন উৎসাহিত করেছেন এখানে দাঁড়ানোর জন্য ৷ আপনারা বলেছেন দাঁড়াও৷ সব জাতীয়, আন্তর্জাতিক, সংবাদমাধ্যম এখানে চলে এসেছে ৷ আমি এটাই চেয়েছিলাম আমার সাধের নন্দীগ্রাম, সিঙ্গুর এক নম্বরে চলে যাক ৷ আমি নন্দীগ্রাম, সিঙ্গুরের ভূমি আন্দোলনের কাছে ঋণী ৷ আগামী ৫ দিন আমি নন্দীগ্রামে থাকব ৷ আমি ৫ দিন ভবানীপুরে থাকলে ২০টি মিটিং করতে পারতাম ৷ মানে ২০টি বিধানসভা কেন্দ্র কভার করতে পারতাম ৷ সব বাদ দিয়ে নন্দীগ্রামে এসেছি নন্দীগ্রামের ভূমি আন্দোলনকে প্রণাম, সেলাম জানানোর জন্য৷”
এ বিষয়ে তাঁর আরও মন্তব্য ,”ভবানীপুরে গিয়ে দেখেছেন তো, প্রত্যেকটা পার্ক, বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা গাছ কীভাবে সাজিয়ে দিয়েছি? আপনাদের এখানে দোকান থেকে রাস্তাঘাট সাজানোর দায়িত্ব আমার ৷ নিশ্চিন্ত থাকুন, নন্দীগ্রামকে আমি মডেল টাউন হিসেবে গড়ে তুলব ৷”
নন্দীগ্রামের সভায় তিনি জানিয়েছেন,কালীঘাটে তাঁর বাড়িতে সিএমও রয়েছে। তিনি না থাকলেও যে কেউ গিয়ে সেখানে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন ৷ নন্দীগ্রামেও তিনি একই ধরনের অফিস করে দেবেন এমনটাই আশ্বস্ত করলেন মমতা ৷ কালীঘাটের মতোই নন্দীগ্রামেও একটি বাড়ি করার কথাও জানান তিনি। উল্লেখ্য,রেয়াপাড়ার একটি একতলা ভাড়া বাড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী ৷ জানা যায়,আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট মেটার পর নন্দীগ্রাম থেকেই শিলিগুড়িতে প্রচারে যাবেন তিনি৷
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

