বাংলার ঐতিহ্যে জুড়ে- জড়িয়ে রয়েছে তাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার ঐতিহ্যে জুড়ে- জড়িয়ে রয়েছে তাল। গ্রাম বাংলায় নজরে পড়বে বহু তালগাছ। ভাদ্র মাসে তাল পাকা শুরু হয়। সেই তালের থেকে তালের বড়া অনেক বাঙালির কাছে লোভনীয় খাবার। পাশাপাশি তালের ক্ষীর অনেকেই পছন্দ করেন। এছাড়া নানা স্বাদের পদও বানানো যায়। তবে অনেকেই তাল পছন্দ করেন না। প্রতিবারই বাংলার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়ে থাকে তাল উৎসব।
সূত্রের খবর, শিলিগুড়ির ইচ্ছেবাড়িতে গত ৩ বছর ধরে আয়োজন হচ্ছে এই তাল উৎসবের। রকমারি তালের বড়া, তালের মালপোয়া, তাল খির সহ নানা পদ নিয়ে এই আয়োজন। এক্ষেত্রে ভিড় বাড়তো ভোজন রসিক বাঙালির। খাওয়া-দাওয়া পর্ব ও বিক্রি-বাট্টা ভালোই হত। এবার করোনা ও লকডাউন আবহে অনেকটা মলিন এই উৎসব। আয়োজকরা প্রাথমিকভাবে মনে করেছিলেন হয়তো উৎসব করা সম্ভব হবে না। করোনা পরিস্থিতিতেও ইচ্ছেবাড়ি আয়োজন করে এই তাল উৎসবের। আয়োজক সূত্রের খবর, আগে থেকে অর্ডার নেওয়া হয়েছিল। হোয়াটস অ্যাপের মাধ্যমে নেওয়া হয় ওই অর্ডার। এরপর স্বাস্থ্যবিধি মেনে তা প্যাকেজিং করা হয়। সামাজিক দূরত্ব মেনে উৎসবেরও আয়োজন হয়ে থাকে। প্রসঙ্গত, প্রতিবছর জন্মাষ্টমীর পর এই উৎসবের আয়োজন হয়ে থাকে। অনলাইনে উৎসবের আয়োজনেও চাহিদা কম হয়নি। অর্ডার আসতে শুরু করে। এমনটাই জানিয়েছেন উদ্যোক্তা অভয়া বসু।

