ডাচ তরুণী মার্কি লুকাস রিনভেল্ড ২০২০-র বুকার জয়ী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ডাচ তরুণী মার্কি লুকাস রিনভেল্ড (২৯) পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য খেতাব বুকার জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। মাতৃভাষায় লেখা তাঁর উপন্যাসের নাম “দ্য ডিসকমফর্ট অফ ইভিনিং।” ২০২০-র বুকার পুরস্কার প্রাপদের নাম ঘোষিত হয়েছে। বিশ্বের তরুণতম বুকারপ্রাপক তিনি। তাঁর এই পুরস্কার প্রাপ্তি সারা বিশ্বে আলোড়ন তুলে দিয়েছে। প্রথম ডাচ ঔপন্যাসিক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন। ফলে এই পুরস্কারের ভাগীদার তিনিও। ‘দ্য ডিসকমফর্ট অফ ইভিনিং’ বইটির কেন্দ্রীয় চরিত্র একটি দশ বছরের বালিকা যার নাম জশ। ভাই ম্যাথিস আইসস্কেটিংয়ে নিয়ে যায়নি বলে তাঁর ওপর রাগ করে তাঁকে অভিশাপ দেয় যা পরে ফলেও যায়। সেই দিনই মৃত্যু হয় ম্যাথিসের। ঘটনার অভিঘাতে পঙ্গু হয়ে যায় জশের বাবা-মা। গোটা উপন্যাসটি আবর্তিত হয় তার পরবর্তী বিষাদ ও মানসিক টানাপোড়েনকে ঘিরেই। রিনভেল্ড একটি ডেয়ারি ফার্মে চাকরি করেন। নিজেও অল্পবয়সে ভাইকে হারিয়েছেন। সেই বিষাদের ছায়াতেই এই উপন্যাসটি লেখা হয়েছে। এদিন বিচারকদের প্রধান টেড হডকিনসন বলেন, “ব্যতিক্রমী বিষয়, অবিশ্বাস্য প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাস আমাদের এই রিক্ত বাস্তব থেকে ক্রমেই অনতিক্রম্য সময়রেখায় নিয়ে যায়।” এ বছর বুকারের জন্য ৩০ টি ভাষার মোট ১২৪ টি বই বেছে নেওয়া হয়েছিল। মূল বিজেতা অর্থাৎ রিনভেল্ড ও হ্যাচিসন যৌথ ভাবে ৫০ হাজার ইউরো পাচ্ছেন।

