MyanmarOthers 

উত্তপ্ত মায়ানমার- রক্তে রাঙা হচ্ছে মাটি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মায়ানমারে সেনার গুলিতে নিহত আরও ৯ জন। গণতন্ত্রকামী জনতার রক্তে ফের রাঙা মায়ানমারের মাটি। মায়াং প্রদেশে একটি প্রতিবাদ মিছিলে সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ৯ জন নিহত হয়েছেন এবং জখম অনেকেই। উল্লেখ করা যায়, সেনা অভ্যুত্থান ঘটিয়ে ১ ফেব্রুয়ারি মায়ানমারের দখল নিয়েছিল সামরিক বাহিনী। তারই প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ চলে। সেখানকার বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। অন্যদিকে কড়া হাতে সেই বিক্ষোভ দমনে উদ্যোগী সেনা।

সূত্রের আরও খবর, মায়ানমার জুড়ে ৬০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। ধৃতের সংখ্যা অতিক্রম করে প্রায় ২ হাজার। আবারও ৯ জন নিহত হওয়ায় মৃতের তালিকা বেড়েছে। মায়ানমারের মিছিলে সেনা আক্রমণ চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে অভিযোগ করে জানানো হয়েছে, পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস আর রবার বুলেট ছুঁড়েছে। এরপর গুলি চালানো হয়। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবারও মায়ানমারের ক্ষমতায় আসে অন্যতম রাজনৈতিক দল এনএলডি। সেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি ক্ষমতার দখল নেয় সেনা তথা জুন্টা সরকার।

এক্ষেত্রে আরও জানা যায়, জুন্টা সরকার এনএলডি-এর নজরবন্দি নেত্রী আউং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছে। এ বিষয়ে দাবি করা হচ্ছে, সরকারে থাকাকালীন ৬ লক্ষ ডলার ও বিপুল সোনার বে-আইনি লেনদেন করা হয়েছে। আবার নির্বাচন প্রক্রিয়ায় জালিয়াতি নিয়ে সেনার অভিযোগ অগ্রাহ্য করতে নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট। পাশাপাশি জঙ্গি সংগঠনের তালিকা থেকে রাখাইনের বিক্ষুব্ধ ‘আরাকান আর্মি’-কে (এএ) বাদ দেওয়ার কথা জানিয়েছে জুন্টা সরকার।

Related posts

Leave a Comment