এনআরএসে প্রায় ৮০ জন কোয়ারান্টিনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর সংস্পর্শে আসায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৬৪ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আবার, এর মধ্যে সম্প্রতি ৩০ জনের নমুনা পাঠানো হয়, তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গত দু-দিনে আরও ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছে। এরপর গতকাল নমুনা গিয়েছে ১৪ জনের। ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও চিকিৎসক শান্তনু সেন জানালেন, কোয়ারান্টিনে যাওয়া চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের দ্রুত কাজে ফেরানোর চেষ্টা করছেন কর্তৃপক্ষ। ওই হাসপাতালের সিসিইউ-এ চিকিৎসাধীন ৩৪ বছরের এক যুবকের মৃত্যু হয়। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। রিপোর্টে জানা যায়, তিনি পজিটিভ ছিলেন। এরপরই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি করে কোয়ারান্টিনে পাঠানো হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠনগুলি। “অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স”-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এনআরএস-এ প্রায় ৮০ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। এর প্রভাব পড়বে পরিষেবায়।

