অবসরের পর পেনশন পেতে আর বিলম্ব নয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার থেকে অবসরের দিনই কর্মীর পেনশন নিশ্চিত হয়ে যাবে। এ বিষয়ে উদ্যোগী হল পিএফ দপ্তর। সূত্রের খবর, অবসরের দিনই রেডি হয়ে যাবে পেনশন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র। এরফলে অবসরের পর পেনশন পেতে আর কোনও বিলম্ব হবে না। জানা গিয়েছে, এখন থেকে সকল পিএফ গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও।
সূত্রের আরও খবর, ৩০ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা কার্যকর করা হচ্ছে দেশব্যাপী। এই মাসে যাঁরা অবসর নেবেন, তাঁরা এই সুবিধা পাবেন, এমনটাই দাবি করেছে পিএফ দপ্তর। ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাধারণতভাবে অবসরের পর কর্মীদের পেনশনের কাগজপত্র ও প্রশাসনিক কাজকর্ম শুরু হয়। তা শেষ হতে বিলম্ব হয়ে যায়। বেশি সময় লেগে যাওয়ার কারণে সময়মতো পেনশন পান না অনেকেই। সেই সমস্যা দূর করতে উদ্যোগী হয়েছে শ্রমমন্ত্রক। চলতি মাস থেকেই পেনশনের সুবিধা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প চালুর জন্য কর্মদাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রশাসনিকভাবে জানা গিয়েছে, পিএফ গ্রাহককে ওই সুবিধা দিতে গেলে কর্মদাতা সংস্থাকে পূর্বেই প্রশাসনিক কাজগুলি সেরে রাখতে হবে। এবার থেকে কর্মচারী যে মাসে অবসর নেবেন, সেই মাসেই আগেভাগে পিএফ-এর টাকা জমা করতে হবে। বিষয়টি নিয়ে পিএফ দপ্তরই যোগাযোগ করে নেবে কর্মদাতা সংস্থার সঙ্গে। এক্ষেত্রে সময়মতো পেনশন দেওয়ার জন্য কী-কী করণীয়, তা জানানো হবে কর্মদাতা সংস্থাকে। সেই কাজ শেষ হলেই অবসরের দিন ছাড়পত্র দেওয়া হবে পেনশনের জন্য। এক্ষেত্রে আরও জানা যায়, পেনশন শুরু হয় ৫৮ বছর বয়স থেকে। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলিতেও অধিকাংশ ক্ষেত্রে ৫৮ বছর বয়সেই অবসর গ্রহণ করেছে কর্মীরা। ফলে তাঁদের পক্ষে এই পদক্ষেপ সুবিধাজনক। পাশাপাশি যাঁরা ৫৮ বছর বয়সের পরও বেসরকারি সংস্থায় চাকরি করবেন, তাঁরাও পিএফ-এর পেনশন পাবেন ৫৮ বছর বয়সেই।

