রেল-স্টেশনে চায়ের দোকানে প্লাস্টিক কাপের বদলে এবার মাটির ভাঁড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পরিবেশরক্ষায় বিশেষ পদক্ষেপ। এবার রেল স্টেশনে উঠে যাচ্ছে প্লাস্টিক কাপ। মাটির ভাঁড় ফিরে আসছে বলে খবর। প্লাস্টিক-ফ্রি ইন্ডিয়া মিশন সফল করার জন্য রেলওয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর,পরিবেশ দূষণের মোকাবিলায় এ বার একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী পীযূষ গয়ালএ বিষয়ে জানিয়েছেন, এ বার থেকে দেশের সব রেল স্টেশনের চায়ের দোকানগুলিতে প্লাস্টিক কাপের বদলে মাটির ভাঁড় ব্যবহার করা হবে।পরিবেশ দূষণ কমাতে এ বার থেকে মাটির ভাঁড়েই চা বিক্রি করতে হবে।
রেল সূত্রের খবর,রাজস্থানের আলওয়াড় জেলার উত্তর-পশ্চিম রেলওয়ের দিগাওয়াড়া রেলওয়ে স্টেশনের একটি ইলেকট্রিফায়েড রেল সেকশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে রেলমন্ত্রী জানিয়েছেন, প্লাস্টিক-ফ্রি ইন্ডিয়া মিশন সফল করার জন্য রেলওয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে রেলমন্ত্রী আরও জানান,বর্তমানে দেশের প্রায় ৪০০টি স্টেশনে মাটির ভাঁড়ে চা বিক্রি হয়। সবাই মাটির ভাঁড়ই ব্যবহার করেন। আর সেই সূত্রেই দেশের সমস্ত রেলওয়ে স্টেশনে পুরোপুরি ভাবে মাটির ভাঁড় ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পরিবেশদূষণ প্রতিরোধের পাশাপাশি ভাঁড় তৈরি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের উপার্জন বাড়বে বলেও মনে করেন তিনি।
রেলসূত্রে আরও খবর, ৩৪ কিলোমিটার দীর্ঘ নতুন ইলেকট্রিফায়েড দিগাওয়াড়া-বান্দিকুই রেল সেকশনের প্রথম ট্রেনটির উদ্বোধন করলেন রেলমন্ত্রী।

