বাংলা ব্যান্ড ঘরানার পথিকৃত রঞ্জন ঘোষাল প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাংলা ব্যান্ড ঘরানার পথিকৃতদের অন্যতম রঞ্জন ঘোষাল (৬৫) প্রয়াত হলেন। মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর , রঞ্জনের জন্ম বর্ধমান জেলার মেমারিতে। তাঁর বাবা ছিলেন দুঁদে গোয়েন্দা অফিসার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর তিনি সাংস্কৃতিক জগতে জড়িয়ে পড়েন। জানা যায় , গৌতম চট্টোপাধ্যায়ের প্ৰথম ব্যান্ড সপ্তর্ষিতে রঞ্জন ঘোষাল অন্যতম সদস্য ছিলেন তিনি। প্রসঙ্গত , ১৯৭৫ সালে মহীনের ঘোড়াগুলি যখন প্রতিষ্ঠা হয় তখন রঞ্জন উপস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন। মহীনের প্রথম অ্যালবাম ‘সংবিগ্ন পাখিকুল’-এর ‘ভেসে আসে কলকাতা’, ‘সংবিগ্ন পাখিকুল’, ‘মেরুন সন্ধ্যালোক’-এর মতো গানগুলি তাঁরই লেখা।
মহীনের জনপ্রিয়তা ধরে রাখার জন্য রঞ্জনের বিশেষ ভূমিকা ছিল। বেঙ্গালুরুতে ফার্স্ট রক কনসার্ট– ‘রিমেম্বারিং মহীনের ঘোড়াগুলি’ এবং কলকাতায় ‘আবার বছর ত্রিশ পরে’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেন রঞ্জনবাবু। বেঙ্গালুরুতে দীর্ঘদিন থিয়েটারও করেছেন রঞ্জন। স্ত্রী সঙ্গীতা ঘোষালের সঙ্গে যৌথ ভাবে গিরিশ কর্নাডের হয়বদন, অরুণ মুখোপাধ্যায়ের মারীচ দ্যা লেজেন্ড-এর মতো নাটক মঞ্চস্থ করেছেন।
বেপরোয়া জীবনযাপন ও বর্ণময় চরিত্র তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। বাংলা গানের দিনবদলের অন্যতম সাক্ষী।

