রেশন গ্রাহকদের জন্য এবার আধার সংযুক্তিকরণ কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণের কাজ চলবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এবার রাজ্য খাদ্য দফতর চালু করতে চলেছে “দুয়ারে আধার নম্বর”। রেশন গ্রাহকদের জন্য এবার চালু হতে চলেছে দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ কর্মসূচি। এক্ষেত্রে জানা গিয়েছে,রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে করা হবে এই কাজ। খাদ্য দফতরের পক্ষ থেকে জানা যায়,এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে “ওয়েবেল টেকনোলজি লিমিটেড” এর সঙ্গে। আগামী ২ মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এক্ষেত্রে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণের কাজ শেষ হবে। এরপর কারও নাম বাদ গিয়ে থাকলে এলাকা ভিত্তিক শিবির খোলা হবে বলেও জানা গিয়েছে।
সূত্রের আরও খবর,কেন্দ্রীয় নিয়ম মেনে ও দেশের শীর্ষ আদালতের আদেশ অনুযায়ী আগস্ট মাস থেকে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে । উল্লেখ্য,রাজ্যের খাদ্য দফতর বিভিন্ন রেশন ডিলারদের এ বিষয়ে অবগত করেছে। জুলাই মাসের মধ্যে যাতে আধার সংযুক্তিকরণের মাধ্যমের বিষয়টি গ্রাহকদের জানিয়ে দিতে পারে। এই কাজ করার জন্য পূরণ করতে হবে ১১ নম্বর ফর্ম। আধার সংযুক্তিকরণ সম্পন্ন হলে রেশন ডিলারদের কাছে থাকা ই-পস মেশিনে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে যাওয়া সম্ভব হবে । খাদ্য দ্রব্য গ্রাহকরা গ্রহণ করলে খাদ্য দফতর জানতে পেরে যাবে ওই গ্রাহকের নাম ও পরিচয় । এরপর তা কেন্দ্রীয় সার্ভারে সংযুক্ত হয়ে যাবে।
এ বিষয়ে আরও জানা যায়,শীর্ষ আদালতের আদেশের পর রেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান ও প্রাক্তন দুই খাদ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বলে জানা যায় । ওই বৈঠকে দ্রুত আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দফতর।
এক্ষেত্রে জানা যায়,রেশন গ্রাহকরা অনেকেই আধার সংযুক্তিকরণ করার কাজ শুরু করছেন। আবার অনেকে এই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল না থাকায় ওয়েবেল এজেন্সি নিয়োগ করেই বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করতে চাইছে বলে খবর। উল্লেখ্য,দেশে চালু হয়েছে “এক দেশ, এক রেশন”ব্যবস্থা। এই ব্যবস্থাতে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এবার ই-পস মেশিনে যাচাই করে নেওয়া হবে আধার সংযুক্তিকরণ প্রক্রিয়াটি ।

