Sabuj SathiOthers 

এবার বাংলার মুকুটে বিশ্ব সেরার পালক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে সেরার সেরা ‘সবুজসাথী’। বিশ্ব দরবারে স্বীকৃতি পেল এই প্রকল্প। সূত্রের খবর, কন্যাশ্রীর পর এবার সেরা সবুজসাথী। রাষ্ট্রসঙ্ঘের সংস্থা ‘ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি’র (ডব্লুএসআইএস) প্রতিযোগিতায় অংশ নিয়ে ই-গভর্নমেন্টে ‘সেরার সেরা’ সম্মান অর্জন করল বাংলা। জানা গিয়েছে, গোটা বিশ্বের ১৬০টি দেশের ৮০০টি প্রকল্পের সঙ্গে রীতিমতো লড়াই করে এই লক্ষ্যে পৌঁছছে ‘সবুজসাথী’। মানুষের স্বার্থে গ্রহণ করা এই প্রকল্প সম্মান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের আরও খবর, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের সব পড়ুয়ার জন্য বিনামূল্যে সাইকেল বিতরণ করা হচ্ছে এই সবুজসাথী প্রকল্পে। গত ২০১৫ সালের ২৯ অক্টোবর শুরু হয় এই প্রকল্প। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১ কোটি সাইকেল বিলি করা হয়েছে রাজ্যের পড়ুয়াদের মধ্যে। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের এই সাইকেল শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়, স্কুলছুট ঠেকানোর উদ্যোগও।

এক্ষেত্রে জানা যায়, একটা সাইকেল বাংলার আর্থ-সামাজিক কাঠামোর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে, তা উপলব্ধি করেছে ডব্লুএসআইএস-ও। তাই সবুজসাথীকে ‘হুইলস অব চেঞ্জেস’ বলে বর্ণিত করল রাষ্ট্রসঙ্ঘের এই সংস্থা। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভায় পুরস্কার বিতরণীর ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের প্রধান সচিব পদমর্যাদার অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) সঞ্জয় থাড়ে অংশগ্রহণ করেছিলেন। রাজ্যকে শংসাপত্র ও সূদৃশ্য স্মারক ট্রফি দিয়েছে ডব্লুএসআইএস। উল্লেখ করা যায়, গত ২০১৯ সালে ডব্লুএসআইএস প্রতিযোগিতায় সেরার তালিকায় আসে পশ্চিমবঙ্গের সবুজসাথী। এবার বাংলার মুকুটে বিশ্ব সেরার পালক যুক্ত হল। আবার ‘সবুজসাথী’ সম্মানিত করেছে গোটা দেশকেই।

Related posts

Leave a Comment