আশির দশকে মাঠ কাঁপানো ডিফেন্ডার সত্যজিৎ ঘোষ প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ(৬২)। সূত্রের খবর,১৯৮১ সালে রেলওয়ে এফসি থেকে মোহনবাগানে খেলার সুযোগ পান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। মোহনবাগান এবং ভারতের জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার ছিলেন সত্যজিৎ ৷
আশির দশকে ফুটবলার হিসাবে দারুন সুনাম অর্জন করেছিলেন তিনি। হেডে তাঁর অসাধারণ দক্ষতা ছিল। পরবর্তীতে মহমেডানে সই করলেও আবার ফিরে এসেছিলেন মোহনবাগানেই। সবুজ-মেরুনে খেলেই অবসর গ্রহণ করেন। ব্যান্ডেলের বাসিন্দা সত্যজিৎ ১৯৮৫ সালের নেহরু কাপও খেলেছিলেন ৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া কলকাতা ফুটবল ময়দানে। সোশ্যাল মিডিয়াতে তাঁর মৃত্যুসংবাদ প্রথমপাওয়া যায় ৷

