জেনে নিন: দ্বিতীয় দফায় নন্দীগ্রাম ছাড়াও নজরে কয়েকটি কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সোহম- দিন্দাদের সঙ্গে জনতার রায় নিতে মানস- ভারতীরাও। নন্দীগ্রাম ছাড়াও নজর আরও কয়েকটি কেন্দ্রে। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফায় আরও ৩০ আসনে ভোট হল। রাজ্যের দ্বিতীয় দফার ভোটে গোটা দেশের নজর ছিল নন্দীগ্রামের দিকে ৷ ওই আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রার্থী ৷ দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রের তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। ডেবরা: পশ্চিম মেদিনীপুরের এই আসনটিতে এবার প্রাক্তন দুই আইপিএস মুখোমুখি। এখানে বিজেপি-র প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ ৷ তৃণমূল প্রার্থী করেছে হুমায়ুন কবীরকে ৷
ময়না: পূর্ব মেদিনীপুরের এই নির্বাচনী কেন্দ্রে এবার বিজেপি-র প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ৷ নৈছনপুর গ্রাম থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলার রাজনীতির ময়দানে অভিষেক হল বিজেপির হাত ধরে। নজর রয়েছে এই কেন্দ্রে। চণ্ডীপুর: এই কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী ৷ বাঁকুড়া থেকে লড়াই করে সাফল্য পাননি জনপ্রিয় এই অভিনেতা। এবার চণ্ডীপুর থেকে বিধানসভায় জিততে পারেন কিনা সেটাই দেখার। পাঁশকুড়া পশ্চিম: পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক এবং নন্দীগ্রামের অন্যতম শহিদ শেখ ইন্দাদুলের মা ফিরোজা বিবি ৷ শুভেন্দু অধিকারী যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই আস্থা রেখেছেন তিনি।
খড়্গপুর সদর: এই কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছেন বাংলা সিনেমার অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ উল্লেখ করা যায়,২০১৬ সালে এই কেন্দ্র থেকেই বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ ৷ পরে মেদিনীপুরের সাংসদ হন তিনি ৷ তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসা হিরণকে জেতানোটা দিলীপ ঘোষের কাছেও চ্যালেঞ্জ বলা চলে। সবং: পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞা ৷ তাঁর স্ত্রী গীতা ভুঁইঞা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। সবং দখলে রাখতে তৃণমূল মানস ভুঁইঞাকে প্রার্থী করেছে ৷
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

